নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ছাই

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গোলাবাড়িয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহিদুর রহমান স্বপন বলেন, আগুনে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্তত ৬০টি দোকান পুড়ে গেছে ও আশেপাশে কয়েকটি বাসার মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা বলেন, গোলাবাড়িয়া পূর্ব অংশ কাঁচা বাজারে রাত ২টার দিকে হঠাৎ করে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় এবং এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় সবজির আড়ৎ, হাঁস-মুরগি দোকান, মুদি দোকান, মালের আড়ৎ ও দুটি বাসাসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে চৌমুহনী ২টি ও মাইজদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর