ধর্ষকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ধর্ষকদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এসব অপরাধের বিরুদ্ধে তার সরকারের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ নামের কিছু পশু শিশু থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন জায়গায় ধর্ষণ করছে। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিয়েছি তেমনি এখন আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং ধর্ষকের বিরুদ্ধে একইভাবে জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে আমি আহ্বান জানাবো- এই ধরনের ঘটনা (ধর্ষণ) যারা ঘটাচ্ছে তাদের ধরতে সকলেই যেন আমাদের সহযোগিতা করেন। কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা আইনগতভাবেই নেব এবং এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘করোনা ভাইরাস’ প্রতিরোধ, ‘ডেঙ্গু’ প্রসঙ্গ, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং দেশের ব্যাংকে টাকা নেই বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান রিজার্ভসহ আর্থ-সামাজিক অবস্থার উত্তরণের চিত্র তার ভাষণে তুলে ধরেন।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। চীন থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোর বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলেও জানান সরকার প্রধান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর