বকেয়া থাকায় হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে রোগীরা

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের কারণে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর তিনটার দিকে বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

জানা যায়, বিগত চার বছর ধরে প্রায় চার লাখ টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের। এ ব্যাপারে গত ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে নোটিশ পাঠায় চট্টগ্রামের গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান কেজিডিসিএল। চিঠির পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা পরিশোধে রাজি হলেও কয়েকদিন বিলম্ব হতে পারে বলে জানায় কেজিডিসিএল কর্তৃপক্ষকে।

এদিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রোগীদের খাবার প্রদানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। খাবার রান্না করার জন্য কৃত্রিম চুলা বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠখড়। রোগীরা সময়মত খাবার না পেয়ে শিকার হচ্ছেন চরম ভোগান্তির।

জেনারেল হাসপাতালের খাদ্য বিভাগের ইনচার্জ ও সিনিয়র নার্স চায়না রাণী দেবী বলেন, “হাসপাতালের গ্যাসের সংযোগ বিচ্ছিন করা হয়েছে গতকাল বিকেল ৩ টার দিকে। গতকাল রাতে , আজকে সকালে ও দুপুরে লাকড়ি দিয়ে রান্না করে রোগীর খাবার পরিবেশ করা হয়েছে। রান্না করতে যেমন কষ্ট হচ্ছে। তেমনি রোগীদের সময়মত খাবার দিতে না পারায় সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ।”

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা.অসীম কুমার নাথ বলেন, “হাসপাতালের প্রায় চার লাখ টাকা বকেয়া রয়েছে। আমাদের বরাদ্দে যতটুকু আছে ততটুকু আমরা পরিশোধ করতে রাজি হই এবং লাইন বিচ্ছিন্ন না করার অনুরোধ জানাই। কিন্তু কেজিডিসিএল কর্তৃপক্ষ কোন কথা না শুনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যা খুবই অমানবিক। গ্যাসের সংযোগ পুনরায় সংযুক্ত করার জন্য আজ কেজিডিসিএল এর কাছে হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অনলাইনে ২ লাখ ৮০ হাজার টাকার মত সরকার বরাদ্দ দিয়েছে। সেটা আগামীকাল আমাদের হাতে আসলে কেজিডিসিএল কর্তৃপক্ষকে দেয়া হবে।”

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আ ন ম সালেহ বলেন, কয়েক বার চিঠি দেয়ার দেওয়ার পরও বিল পরিশোধ করেনি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সংযোগ বিচ্ছিন্ন করার পরও তারা বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত কোন চিঠি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের কাছে আবেদন বা যোগাযোগ করা হয়নি বিধায় গ্যাস লাইন পুনঃসংযোগ করা হয়নি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর