কিশোরগঞ্জের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দেয়াল চাপা পড়ে নিমাই বণিক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৫ জন। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
দুপুর ১২টার দিকে সরারচর রেলওয়ে গেটের কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন ৫ জন। আহতদের মধ্যে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাজারের একটি দোকানের কর্মচারি নিতাই বনিককে মৃত ঘোষণা করেন ডাক্তার। আশংকাজনক অবস্থায় কৃষ্ণ সাহা নামে আরেক জনকে ঢাকায় রেফার্ড করা হয়। বাকিদের জহুরুল ইমলাম মেডিকেল কলেজ হাসপাাতলে ভর্তি করা হয়।
নিহত নিমাই বনিক (২৫) উত্তর সরারচর গ্রামের সুনীল বনিকের ছেলে। তিনি সরারচর বাজারে একটি দোকানের কর্মচারি ছিলেন। আহতদের মধ্যে সরারচর কামালপুর গ্রামের রতীন্দ্র সাহার ছেলে কৃষ্ণ সাহার অবস্থা আংকাজনক।
স্থানীয়রা অভিযোগ করেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে এবং লোকজনকে আগাম সতর্ক না করে অভিযান চালানোয় এ দুর্ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সরারচরে রেলওয়েল জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে, দখলকারীদের নামে বরাদ্দ দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়া হয়েছে বলে রেলওয়ের কর্মচারিদের বিরুদ্ধে অভিযোগ অনেকের।
ক্ষতিগ্রস্তরা জানান, রেলওয়ের দু’জন কর্মচারি রেলওয়ের জমি লীজ নিয়ে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে।
তবে এসব বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নূরল ইসলাম। দুর্ঘটনার পর তার মন খারাপ হওয়ায় কথা বলতে পারবেন না বলেও জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান।
তিনি জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিমাই বনিকের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাজিতপুরের সরারচরে রেলওয়ের জমি দখল করে চার শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রথম দিনের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর অভিযান বন্ধ করে দেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
বার্তা বাজার / ডব্লিও.এস