প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন তিনি।
চীন থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোর বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। সংসদে তিনি আরো বলেন, করোনা ভাইরাস চায়নাতে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। আগে যেখানে অন এরাইভাল ভিসা দেয়া হতো সেটা কিন্তু আমরা দিচ্ছি না। আমাদের এয়ারপোর্ট এবং অন্যান্য সব জায়গায় কেউ আসলেই সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হচ্ছে। যাতে এটা ছড়িয়ে যেতে না পারে।
তিনি বলেন, আমরা ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেই। মায়ের নামে মোবাইল ফোনে টাকা পাঠিয়ে দেই। আমরা ১৪২টা সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করে যাচ্ছি। প্রায় পাঁচ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হচ্ছে। দারিদ্রের হার ৪১ ভাগ থেকে আমরা ২০.৫ ভাগে নামিয়ে এনেছি।
তিনি আরো বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ধর্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে; এক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করছি। আইনগত ব্যবস্থার মাধ্যমে সামাজিক এসব সমস্যা প্রতিহত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, মশার উপদ্রুপ বাড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি দেশবাসীকে বলবো, নিজেদেরও একটু সচেতন থাকতে হবে। বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে হবে।
বার্তাবাজার/কে.জে.পি