নিজ গ্রামে ফিরে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রাকিবুল হাসান। ছেলেকে একনজর দেখতে হাজারো জনতার ঢল নামে ময়মসিংহের ফুলপুর উপজেলার বাসাটি গ্রামে।
বিশ্বকাপ জয়ের ৯দিন পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নিজ গ্রাম ফুলপুর উপজেলার বাসাটি গ্রামে আসে। বিশ্বজয়ী ছেলেকে বরণ করতে নানা আয়োজন করে উপজেলা প্রশাসনসহ স্থানীয়রা।
ফুলপুরবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন রাকিবুল। ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমী মানুষ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় বিশ্বজয়ী ছেলেকে। সকল শ্রেণি পেশার মানুষের একাধিক সংবর্ধনা ঘিরে উৎসবে মেতে উঠে এলাকাবাসী। স্থানীয় প্রশাসনসহ আপামর জনগণ রাকিবুলকে সেখানে ফুল ছিটিয়ে বরণ করে নেন।
সংবর্ধনায় রাকিবুল হাসান বলেন, আপনাদের দোয়া ও সমর্থনের কারণে বিশ্ব জয় করেছি। আরও সমর্থন পেলে বহুদূর এগিয়ে যাব। আশাকরি আপনারা সবসময় আমার পাশে থাকবেন।
ইতিহাস গড়ে গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। দলের জন্য যখন প্রয়োজন এক রান তখন রাকিবুলের ব্যাট থেকে আসে কাংখিত সেই রানটি।
বার্তাবাজার/কেএ