অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দেয়া কাঁটাতারের জালে বন্দি একই পরিবারের ১০ জন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে একটি পরিবাররকে গত এক সপ্তাহ যাবত অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালী আব্দুল গফুর নামের পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা।

গত ১১ ফেব্রুয়ারী সকালে সদরের দালালাবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় লোকবল নিয়ে তারকাঁটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে গফুর। এতে করে বসত ঘর থেকে বের হতে না পেরে গত এক সপ্তাহ যাবত জিম্মি হয়ে পড়েছে পরিবারের ১০ সদস্য। জিম্মি হয়ে পড়েছে স্কুল-কলেজ পড়ুয়া দুই জন শিক্ষার্থীও।

বের হওয়ার আকুতি জানিয়েও আব্দুল গফুরের ভয়ে বের হতে পারছেনা ভুক্তভোগী আবু তাহেরের পরিবার। কাঁটাতারের পাশপাশি বসতঘর থেকে বের হওয়ার রাস্তায় সুপারির চারা গাছ ও কলা গাছ রোপন করে গতিপথও বন্ধ করে দিয়েছে আব্দুল গফুর।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, সদরের দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনোহর আলী দপ্তরির ছেলে পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক আব্দুল গফুর বিরোধকৃত জমিকে কেন্দ্র করে দ্বীর্ঘদিন থেকে একই বাড়ীর ওয়ালী মিয়ার ছেলে আবু তাহেরের পরিবারকে হয়ারানী করে আসছে। আবু তাহেরের বসতঘরের সামনে আব্দুল গফুরের কিছু অংশ জায়গা থাকায় ওই জমির বদল করে অন্য স্থান জমি দেয়ার প্রস্তাব দেয় ভুক্তভোগী আবু তাহের। অথবা বদল না করে জমির প্রকৃত মূল্য নির্ধারণ করে জমি ক্রয় করারও প্রস্তাব দেয় ভুক্তভোগী। বিরোধকৃত জমি নিয়ে একাধিক শালিশী বৈঠকের মাধ্যেমে জমি বদল অথবা বিক্রয়ের প্রাথমিক সিদান্ত দেয়া হয়।

ওইসব বৈঠকে উপস্থিত ছিলেন ৪নং চররুহিতার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পৌর ৬ নংওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, স্থানীয় মেম্বার আবু ছিদ্দিক, ৯নং ওয়ার্ড মেম্বার আবু তাহের তাবুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এক পর্যায়ে কোন সিদান্তই মেনে না নিয়ে আবু তাহেরের বিরুদ্ধে পরপর দুটো হয়রানীমূলক মামলা করে দেয় আব্দুল গফুর। থানা হাজতের ভয় দেখিয়ে জোর পূর্বক জমি দখলসহও স্থানীয় লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানী করে সে। তার অত্যাচারে অতিষ্ঠ ও ক্ষুব্দ স্থানীয়রা।

একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আবু তাহের তাবু বলেন, আব্দুল গফুর একজন খারাপ এবং চরিত্রহীন প্রকৃতির মানুষ। মানুষকে হয়রানী, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মানুষের জমি দখল করা তার কাজ বলেও অভিযোগ তাদের। তার ভয়ে অনেকে মুখ খুলতে রাজি নয় বলেও জানান এই ইউপি মেম্বার।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, তার নিজে জায়গাতে খুঁটি দিয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন তিনি। তবে আবু তাহেরের জায়গাতে নয়। তাদের যাতায়াতের অন্যত্র ব্যবস্থা আছে। বিরোধকৃত জমি নিয়ে ডিবি পুলিশের নিকট মামলা বিচারাধীন বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর