চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অটোরিকশা ও গ্রাম সিএনজি

চট্টগ্রামে সিএমপি ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল অব্যাহত রয়েছে ব্যাটারিচালিত রিকশা ও রেজিষ্ট্রেশনবিহীন গ্রাম এলাকার সিএনজি অটোরিকশা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ব্যাটারি চালিক রিকশা ও গ্রাম এলাকার সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের লক্ষ্যে পরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হলেও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল হতেই নিষেধাজ্ঞা অমান্য করে নগড় জুড়ে চলছে ব্যাটারি চালিত রিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা।

নগরীর মোল্লাপাড়ার ব্যাটারি চালিত রিকশা চালক ফারুক ও বহর্দ্দারহাট এলাকায় মিরাজ নামে এক গ্রাম সিএনজি অটোরিকশার চালকের সাথে কথা বলে জানা যায় তারা বিশেষ মহলকে ম্যানেজ করে শহর এলাকার নির্ধারিত কিছু এলাকা সমূহে নির্বিঘ্নে গাড়ি চলাচল করেন।

এর জন্য প্রতি মাসে তাদের নির্দিষ্ট অংকের চাঁদা প্রদান করতে হয়। জানা যায় নগরীতে গ্রাম এলাকার সিএনজি অটোরিকশার সংখ্যা ৫০০০ এর চেয়ে বেশি।

উল্লেখ্য, শহরে গ্রামে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষন সহ খুনের মত মারাত্মক অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হয় এসব নম্বরবিহীন গ্রাম সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা। এ যাবত বহু অপরাধ কর্মকান্ডে গ্রাম সিএনজি অটোরিকশা ব্যবহারের ঘটনা প্রমাণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।

আর বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে চুরি করা হয় নগরীর চট্টমেট্রোর রেজিষ্ট্রেশনকৃত বৈধ সিএনজি অটোরিকশা। র‍্যাব, পুলিশ ও ডিবি’র একাধিক অভিযানে চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার সহ অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস. এম. মোস্তাক আহমেদের একাধিক নির্দেশনা ও পুলিশ প্রশাসনের অভিযান স্বত্বেও গুটি কয়েক অসাধু পুলিশ সদস্য কর্তৃক টোকেন বানিজ্যের নামে চলছে ব্যাটারি চালিত রিকশা ও রেজিষ্ট্রেশনবিহীন গ্রাম সিএনজি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করছে এবং যারা নিষেধাজ্ঞা অমান্যকারিদের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যেভাবেই হোক নগরবাসীর জান মাল রক্ষার্থে এসব ব্যাটারি চালিত রিকশা ও রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা বন্ধ করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করতে প্রস্তুত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

যে সমস্ত এলাকা সমূহে ব্যাটারি চালিত রিকশা ও গ্রাম এলাকার সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা যায় তা হলো- চান্দগাঁও, বায়েজিদ, খুলশী, কোতোয়ালী, পাহাড়তলী, আকবরশাহ থানা এলাকা, পলিটেকনিক মোড়, টেক্সটাইল মোড়, শেরশাহ মোড়, বহর্দ্দারহাট খাজা রোড, রাহাত্তারপুল, চকবাজার ও দেওয়ানবাজার, জামালখান, আন্দরকিল্লা, চামড়ার গুদাম, মোল্লাপাড়া, রঙ্গীপাড়া, হালিশহর, হাজ্বীপাড়া, নেভি গেইট, পতেঙ্গা এলাকা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর