দিনাজপুরের বিরলে দেওয়ানজী দিঘি নামে একটি বিশালকার পুকুর দখলদারিত্বের হাত থেকে রক্ষা করতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিরল উপজেলার ফরাক্কাবাদ এলাকায় দেওয়ানজী দিঘির পাড়ে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে এলাকাবাসী দাবি জানান, ‘ প্রায় ২০০ বছর পুরনো দিনাজপুরের একটি ঐহিত্যবাহী দিঘি হচ্ছে এই দেওয়ানজী দিঘি। এই দিঘি থেকে যুগের পর যুগ এলাকাবাসী মাছ চাষ করে আসছে এবং এখানে দেওয়ানজী নামে একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে। মূলত এতিমখানার অসহায় শিশুরাও এই দিঘির মাছ খেয়ে থাকে।
মানববন্ধনে দাড়ানো দেওয়ানজী মাদ্রাসার শিক্ষার্থী মো. শিমুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে আমরা গোসল করি। এই পুকুরের মাছ আমরাও খেয়ে থাকি। কিন্তু পুকুরটির চারপাশে বর্তমানে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করার কারণে ময়লা, আবর্জনা সব পুকুরে ফেলে। ফলে এখন গোসল করাও হয় না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পুকুরটি যেনো দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেয়।’
মানববন্ধনে আব্দুর রাজ্জাক (এলাকাবাসী) বলেন, ‘আমরা যুগ যুগ ধরে এই দিঘি দেখে আসছি সাধারণ মানুষ এই দিঘিতে মাছ চাষ করে আসছে। কিন্তু বর্তমানে পুকুরের অনেকাংশ একটি চক্র নিজেদের দাবি করে ঘর নির্মাণ ও বাগান করে দখল করার চেষ্টা করছে।’
স্থানীয় আইয়ুব আলী বলেন, ‘পুকুরটি প্রায় ৩৩ বিঘার উপর ছিল। কিন্তু বর্তমানে পুকুরটি অবৈধভাবে দখল করতে করতে এমন হয়ে গেছে যা এখন ৫ থেকে ৬ বিঘাতে পরিণত হয়েছে। এই পুকুরটির মাছ ও পানি এখানকার এতিমখানার ছেলেরাও ব্যবহার করে। কিন্তু কিছু আগে পুকুরে বিষ প্রয়োগ করে একটি চক্র সব মাছ নিধন করে। বর্তমানে পুকুরটি একটি শক্তিশালী চক্র দখল করার জন্য পায়তারা চালাচ্ছে। সরকারের কাছে দাবি, পুকুরটির চারপাশে অবৈধ স্থাপনা ও দখলকৃতদের উচ্ছেদ করে পুকুরের জীব-বৈচিত্র, ও নিজস্ব পরিবেশ ফিরিয়ে এনে এলাকাবাসীর কাছে উম্মুক্ত করে দেওয়া।’
বার্তা বাজার/এসজে