সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু বাজারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে,রাসায়নিক সার,কীটনাশক,সরিষা,৫ বস্তা আটা,৬ বস্তা চিনি,১টি মোটরসাইকেল,১টি বাইসাইকেল,১টি সারের দোকান,১টি ওষুধের দোকান,১টি খাবার হোটেল ও ৩টি মুদি দোকান।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত দোকান পল্লী চিকিৎসক আমীর খসরু, সার দোকান মালিক মোজাম্মেল হক ও মুদি দোকান ব্যবসায়ী নূরু প্রামাণিক, মহির উদ্দিন, আব্দুস সাত্তার ও শ্যামাচাদ জানান, ঐদিন রাত ৯টার দিকে তারা বেচাকেনা শেষে দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ৯ টার দিকে পল্লী চিকিৎসক আমীর খসরুর ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়ে বিষ্ফোরণ ঘটে আগুন লেগে যায়।
এ আগুন মূহুর্তের মধ্যে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে তারা ছুটে এসে এলাকাবাসির সহায়তায় প্রথম পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির সহায়তায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আশপাশে প্রায় ১ কোটি টাকার মালামাল ও দোকানপার্ট রক্ষা পায়। তারা আরো জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন।
এ ব্যাপারে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবু হানিফ জানান, আমরা একটু দেরিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে ওই বাজারের প্রায় ১ কোটি টাকার মালামাল ও দোকানপার্ট রক্ষা পেয়েছে। এতে প্রাথমিক ভাবে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ধরা হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। এ দিকে এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা নিঃস্ব হয়ে পড়েছে।
বার্তা বাজার/এসজে