মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানে সোমবার দিবাগত রাতে মাদক ব্যবসায়ীর দুই পক্ষের গোলাগুলিতে আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আইয়ুব আলী একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান স্যুটার গান, কয়েক রাউন্ড গুলি, ককটেল ও মাদক উদ্ধার করেছে।

আইয়ুব আলী বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনীপাড়ার আব্দুর রহমানের ছেলে।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ.টি.এম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত আনুমানিক ২টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দু’পক্ষের গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ শালবনের কাছে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ডিবি পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসির ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেলসহ ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসায়ীদের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী আইয়ুব আলী নিহত হয়েছেন। আইয়ুব আলীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারী, পকেটমারীসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে। নিহত আইয়ুব আলী ইতিপুর্বে একবার সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর