সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকার প্রয়াত এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কল্যান সহকারী রাশিদা খানম নাজুকে (৬৫) গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় চৌরাস্তা মোড় সোনালী ব্যাংকের সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটেছে। নিহত নাজমা বেগম ওই মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী।
তবে ঘটনার পর থেকে নিহতের ছেলে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ইমরান হোসেন লিয়ন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, একমাত্র ছেলে ইমরান হোসেন লিয়ন ও পুত্রবধুকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধু তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখে তার বোন রাশিদা খানমকে নিজ ঘরে জবাই করে হত্যা করে লাশ বিছানার উপর ফেলে রাখা হয়েছে।
এরপর পুত্রবধুর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্মিগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সাথে কারা জড়িত। ###
বার্তা বাজার/এসজে