চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারনে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে না পারায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা একই কারণে বন্ধ রাখা হয়
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে ভিজিবিলিটি ছিল খুবই কম। বিমান নামানোর জন্য ভিজিবিলিটি দরকার ছিল কমপক্ষে ৮০০ মিটার।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বলেন, সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে না পেরে শাহজালালে চলে যায়।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, হঠাৎ সৈয়দপুরের আকাশ কুয়াশায় ঢাকা পড়ে। সাধারণত ফাগুন মাসে আকাশে কুয়াশা থাকার কথা নয়। তারপরও এ কারণে প্লেন উঠানামার সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। দু’টি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে ঢাকা থেকে সৈয়দপুরে আসে।
শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নামতে পারেনি শাহ আমানতে। ভোর থেকে সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা থাকায় এ অবস্থার সৃষ্টি হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত বলেন, হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশায় ঢেকে যাওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়। তবে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল শুরু হবে।
বার্তাবাজার/এমকে