মুক্তিযোদ্ধাদের সহায়তায় রাজাকারদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, রাজাকারদের তালিকা তৈরি করতে যুদ্ধকালীন কমান্ডার ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সহায়তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে রোববার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, গত বছরের ২৮ এপ্রিল জেলা প্রশাসকদের কাছে তালিকা সংগ্রহের জন্য চিঠি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ জন জেলা প্রশাসক মাত্র ৩৯৯ জনের একটি আংশিক তালিকা পাঠিয়েছেন। রাজাকারদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করার জন্য যুদ্ধকালীন কমান্ডারসহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তালিকা সংগ্রহের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসকদের আবারো চিঠি দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।’
নেত্রোকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাওয়া রাজাকার, আল-বদর, আল-শামস এবং স্বাধীনতাবিরোধীদের তথ্য হুবহু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তা প্রত্যাহার করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস