ট্রলার ডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গার লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯
রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় প্রতিদিন লাশের সংখ্যা বেড়ে চলছে। রবিবার (১৬ফেব্রুয়ারী) বিকালে সেন্টমার্টিনের কোনা পাড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে আরও একটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সব মিলিয়ে এপর্যন্ত লাশের সংখ্যা দাঁড়িয়েছে ১৯।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক বার্তা বাজার কে জানান- রবিবার কোস্ট গার্ড টহল দল সেন্টমার্টিন কোনা পাড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে সাগরে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। তিনি আরও জানান মরদেহটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়েছে।
প্রসঙ্গত, নৌপথে মালয়েশিয়া যাওয়ার আশায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে গেলো ১১ ফেব্রুয়ারি রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়া এলাকা দিয়ে ট্রলারে উঠে শতাধিক রোহিঙ্গা। পরে সেন্টমার্টিন উপকূলে গিয়ে ডুবে যায় একটি ট্রলার। মালয়েশিয়াগামীদের মধ্যে বেশিরভাগই নারী। দালালদের মাধ্যমে সেন্টমার্টিন উপকূল পাড়ি দিতে গিয়ে ট্রলারটি ডুবে গেলে ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। একইসঙ্গে আরও ৭৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের দাবি, ট্রলারে আরও অন্তত ৫০ রোহিঙ্গা নারী-পুরুষ ছিল।
বার্তা বাজার / ডব্লিও.এস