চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি।
রোরবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক স্বপদে বহাল রাখার তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাগমনিরাম, জামালখান ও লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গত ০৪ অক্টোবর (শুক্রবার) নগরীর লালখান বাজার এলাকায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোয়ারা বেগম মনি চসিক মেয়র আ জ ম নাছিরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে তিনি আবার বর্তমান মেয়র আ জ ম নাছিরকে দেখতে চান। সেই সাথে তিনি আ জ ম নাছিরকে আবারও নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। শুধু এটুকুই নয় মেয়র নাছিরের প্রশংসায় মাতোয়ারা হয়ে তিনি বলেন, “নাছির যদি নির্বাচিত না হন তবে তিনি অন্য মেয়রের অধীনে কাউন্সিলর হতে চান না।”
মহিলা দলের সভানেত্রী হয়ে ক্ষমতাসীন দলের মেয়রের পক্ষে মনোয়ারা বেগম মনির এহেন প্রশংসাসংবলিত বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল গণ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং আলোচনা সমালোচনার ঝড় তুলে। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে দলের উচ্চ পর্যায় হতে মনোয়ারা বেগম মনিকে দল হতে বহিষ্কারের আদেশ জারি করা হয়।
বহিষ্কারের পর মনোয়ারা বেগম মনি দলের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের নিকট তাঁর বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনাপূর্বক দলীয় সদস্য পদ পুনর্বহালের আবেদন করেছিলেন। যার পর আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি মনোয়ারা বেগম মনির বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা করা হয়।
বার্তা বাজার/এসজে