সিরাজগঞ্জে প্রাথমিকে নিয়োগের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৬৯৫ জন উত্তীর্ণ মেধাবী চাকরি প্রার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাকরি প্রার্থীদের দাবি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ তে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগ প্রদান করা হোক। তারা মুজিববর্ষকে সামনে রেখে মহান ভাষার মাসে এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত মানববন্ধনে চাকরি প্রার্থী আব্দুল মোমিন সরকার, ইশতিয়াক জাহান বাপ্পি ও কোবির মোল্লা বলেন, সিরাজগঞ্জসহ ৩৮ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদালতে মামলা জনিত কারণে এসব জেলার নিয়োগ কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নিয়োগ স্থগিতের বিষয়ে জানানো হয়। আমরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর ফলাফলে ৬০ শতাংশ মহিলা কোটা সংরক্ষণ হয়নি উল্লেখ করে হাইকোর্টে ৩৮ জেলায় রিট পিটিশন মামলা করা হয়েছে। এ রিট পিটিশনের আদেশে আদালত আগামী ৬ মাসের জন্য নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। ফলে পূর্ব ঘোষণা মতে আগামী ১৬ ফেব্রুয়ারি এসব জেলায় যোগদানের বিষয়টি অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর