ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিক সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করছিল। বেলা অনুমান ১১টায় হাসকিং মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী(৫০) নামে একজন শ্রমিক নিহত হয়। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
এ ঘটনায় মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০),মনতাজ রহমান (৫৫),বাদল(২৮), মিল মালিক রুহুল আমিন(৬৫),তার ছেলে জহরুল ইসলাম (৪৫),বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ(১৫),আলম(৪৫) সহ কমপক্ষে ৮জন আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।
বার্তা বাজার/এসজে