ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাট গুদামের জমিতে জোরপূর্বক ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করে পরাজিত হওয়া মমতাজ জাহান মিতুর বিরুদ্ধে এই অভিযোগ। খবর পেয়ে রোববার দুপুরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের ধামদী এলাকায় রেলওয়ে স্টেশনের পাশে বাংলাদেশ জুট কর্পোরেশনের একটি কার্যালয় ও কয়েকটি গুদাম রয়েছে। কাঁচামাটিয়া নদী ঘেঁষা জুট কর্পোরেশনের এক একর আঠারো শতক জমি রয়েছেন। এর মধ্যে কিছু অংশে রয়েছে সুইপার কলোনী। বাকি অংশ খালি। জুট কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকার সুযোগে প্রায় দশ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের প্রচেষ্টা চালায় মমতাজ জাহান মিতু নামে এক নারী নেত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
গত বছরের জানুয়ারিতে জুট কর্পোরেশনের জমিটিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু ক্ষ্যান্ত না হয়ে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে তিনি ফের ওই জমিটিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। তির্পল টানিয়ে বেস্টনি তৈরি করে ভেতরে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়।
বিষয়টি খবর পেয়ে বাংলাদেশ জুট কর্পোরেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তার সাথে অশালীন আচরণ করলে তোপের মুখে ঘটনাস্থল ছেড়ে চলে যান ওই কর্মকর্তা।
বিষয়টি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে জুট কর্পোরেশনের পক্ষ থেকে লিখিত ভাবে অবহিত করা হয়। ওই অবস্থায় রোববার বেলা ১ টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীনের উপস্থিতিতে সরকারি জমিতে নির্মিত স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন বলেন, সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করায় সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দখলদারের বিরুদ্ধে মামলা করা হবে।
বার্তা বাজার/এসজে