স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল, আতংকে রোগীসহ সংশ্লিষ্টরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের ভবনের বেশকয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ছাদের আস্তর খসে নিচে পড়ছে। প্রতিনিয়ত ভবনে ধসের ঝুকি নিয়ে চিকিৎসা সেবা চলছে। এতে করে হাসপাতালের ডাক্তার আতঙ্কে দিনপার করছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও থাকে চরম আতঙ্কে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের ভবনটি চালু করা হয়। কিন্তু ২০১৫ সালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি কক্ষে ফাটল দেখা দেয়। পরে পর্যায়ক্রমে আরো বেশকয়েকটি কক্ষে আবার ফাটল দেখা দেয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ ভবনের নিচ তলার ৮, ৯, ১২, ১২, ৫, ৬ নং কক্ষের দেয়ালে দেখা দিয়েছে। এছাড়া ২য় তলার কিছু অংশে ও ৩য় তলায় রোগীদের ওয়ার্ডে দেয়ালের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। তবে, ৯ নং ও ৫ নং, ৬ নং কক্ষের দেয়ালে সবচেয়ে বেশি ফাটল দেখা দিয়েছে। এ কক্ষ গুলোর দেয়াল ফেটে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এছাড়া ভবনের দেয়ালের আস্তর খসে খসে মাটিতে পড়ছে। হাসপাতালের ইমারজেন্সী ভবনটি ১৯৭২ সালে উদ্বোধন করা হয়েছিল। কিন্ত এত বছর পেরিয়ে গেলেও এ ভবনটি এখনো সম্পূর্ণ ভাল রয়েছে।

অথচ, বর্হি বিভাগের ভবনটির ৫ বছর না পেরোতেই বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ৫ বছর না পেরোতে এ ভবনের এ অবস্থা দেখা দেয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালের বর্হি বিভাগের বেশকিছু ভবনের কিছু কক্ষে ফাটল দেখা দিয়েছে। আমাদের দেশে ঘনঘন ভুমিকম্প হয়।
আর এই ভবনটি এমনিতেই ঝুকির মাঝে রয়েছে। শীঘ্রই ভবনটি মেরামত না করা হলে যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটে যেতে পারেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আলম মামুন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইঞ্জিনিয়ার এসে ভবনের কক্ষে ফাটলের বিষয়টি পরিদর্শন করে গেছে। খুব শীঘ্রই ফাটলগুলো মেরামত করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর