ময়মনসিংহে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় হাদিস মিয়া (৩৫) নামে সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ গোরস্থান মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো দুই জন।

নিহত হাদিস মিয়া (৩৫) কুল্লাপাড়া গ্রামের আবদুল গণির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, আঞ্চলিক মহাসড়কটির গোরস্থান মাদ্রাসার সামনে শনিবার রাত ৮ টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয় নান্দাইলগামী একটি দ্রুত গতির ট্রাক। এসময় সিএনজি চালিত অটোরিকশার চালক হাদিস মিয়া (৩৫) গুরুতর আহত হন। আহত হন যাত্রী বগুড়ার কাহালু উপজেলার করমজাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রাজু আহম্মেদ ও রুহুল আমিনের ছেলে তানভীর হোসেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালিত অটোরিকশার চালক হাদিস মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটাকবলিত সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, দ্রুত গতির ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর