আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে বিএনপি-জামায়াত : কৃষিমন্ত্রী

বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ড. কামাল হোসেন যাদের হাত ধরে আছেন সেই বিএনপি-জামায়াত একসময় আওয়ামী লীগের পায়ের নিচে আত্মসমর্পণ করবে। সেদিন বেশি দূরে নয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতিমের টাকা মেরে জেলখানায় পচে মরছেন খালেদা জিয়া উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। সেই খালেদা জিয়া ব্যর্থতার গ্লানি নিয়ে মুখে কালি মেখে ঘরে ফিরে গেছেন। এতিমের টাকা মেরে এখন জেলখানায় পচে মরছেন খালেদা জিয়া। আর গণভবনে বসে বাংলাদেশ শাসন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম এমপি প্রমুখ।

এসময় জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি এতদিন আন্দোলন আন্দোলন খেলা করেছে। এখন টেলিফোনে প্রেম আলাপ শুরু করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, কোনো প্রেম নিবেদন নয়। খালেদা জিয়া অপরাধী হিসেবে দণ্ডিত হয়ে কারাগারে। তার মুক্তি দিতে পারেন আদালত, আওয়ামী লীগের হাতে তার মুক্তি নেই।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর