লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বসন্ত উৎসবে ছবি তুলতে গিয়ে ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছে ছাত্রদলের দুই নেতা। শনিবার দুপুরে কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রাব্বির নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ করে বলে আহতরা।
আহতরা হলেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসেন সজিব ও লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসন্ত উৎসবে অন্যান্য শিক্ষার্থীদের মত আনন্দ ভাগাভাগি নেয়ার পাশাপাশি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নিজেদের ছবি ও সেলফি তোলায় ব্যস্ত ছিল। মুহূর্তেই কিছু না বলে ছাত্রলীগ নেতা রাব্বি নেতাকর্মীদের নিয়ে আসে এবং ছাত্রদলের ওপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কিল ঘুষিসহ বেধম মারধর করে তারা। এতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্রলীগ নেতা রাব্বি অতর্কিতভাবে তাদের নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। তারা আমার দুই নেতাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেছে।
এ ব্যাপারে সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহির মোবাইল ফোনে কল দিলেও কথা বলা সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস