মানবিক কারণে হলেও খালেদা জিয়ার মুক্তি দিন: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করবো, মানবিক কারণে জনগণের দাবিকে সম্মান করে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেবে। নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২ টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশের বাধার কারণে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে না পেরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করেন।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গত ১১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামও সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ ২ বছর ৭ মাস তাকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। তিনি খুব অসুস্থ। আমরা বারবার তার মুক্তি দাবি করেছি। জামিন চেয়েছি। তার চিকিৎসার দাবি জানিয়েছি। আমরা সরকারের কাছে থেকে কোনও সাড়া পাইনি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের বেআইনি সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার জন্য নির্যাতন-নিপীড়নকে বেছে নিয়েছে। আমাদের অসংখ্যা নেতাকর্মীকে তারা খুন, গুম করেছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ সকাল থেকেই এই অঞ্চলে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। কার্যালয়ের সামনে বাধা দিয়েছে। ফজলুল হক মিলনসহ ১০-১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

সমাবেশে শেষে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনও সুযোগ দিতে চাই না। দয়া করে শান্তিপূর্ণভাবে ঘরে যাবেন। আর পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করবো।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান হোসেল প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর