বসন্ত উৎসবে বর্ণিল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। জানা যায়, বসন্তকে বরণ করে নিতে শনিবার (১৫ই ফেব্রুয়ারী) জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। সকাল ১১ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে ঐতিহ্যবাহী হলুদ শাড়ি এবং পাঞ্জাবী পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে এসে মিলিত হয়।
বাংলা মঞ্চে বাসন্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ ড. অধ্যাপক সেলিম তোহা।
এসময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বিশ্বের সবচেয়ে বেশি জীববৈচিত্র,ঋতুবৈচিত্রের দেশ বাংলাদেশ। এই ঋতুবৈচিত্র আমাদেরকে লেখক, কবি ও সঙ্গীত শিল্পী বানিয়েছে।আমাদের এই বৈচিত্র হারাতে দেয়া যাবেনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে হাজার বনায়ন গড়ে উঠছে। আমরা সবুজ ক্যাম্পাস গড়ে তুলবো।বসন্ত রং সবাইকে রাঙিয়ে তুলুক।
সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রবিউল হোসেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাসন্তী আলোচনা শেষে বেলা দেড়টার দিকে বাংলা মঞ্চে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তাবাজার/কেএ