যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। যেখানে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আকবরের দল। এদের মাঝে কিছু প্রতিভাবান আছে খুবই তাড়াতাড়ি সুযোগ পেতে পারে জাতীয় দলে। এমন ৩ জন ক্রিকেটারের নাম জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ধারাভাষ্যকার ইয়ান বিশপ, আলাদা করে বেছেই নিয়েছেন তিন ক্রিকেটারকে। কোন সে তিন ক্রিকেটার সবার আগে জাতীয় দলে খেলতে পারেন, তাও জানালেন সাবেক এ ক্যারিবিয়ান পেসার।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে ধারাভাষ্য দেন বিশপ। ভারতের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ডি/এল পদ্ধতিতে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখায় আকবরের দল। ফাইনালে সাকিব-শরিফুলদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন এই ক্যারিবিয়ান। বিশ্বকাপ নিয়ে যুবাদের উল্লাসের একটি ভিডিও টুইটারে সোমবার পোস্ট করেন তিনি। সেখানে লিখেছেন, ‘এই তরুণদের জন্য খুব ভালো লাগছে। আশা করি তাদের মধ্যে অনেক ভবিষ্যৎ তারকা আছে।’
বিশপের টুইটে বুধবার একটি প্রশ্ন করেন বাংলাদেশের এক ক্রিকেটপ্রেমী, ‘বাংলাদেশের কোন তিন ক্রিকেটার সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বলে মনে করেন?’ খ্যাতনামা এ ধারাভাষ্যকার ও বিশ্লেষক টুইটে জবাব দেন, ‘সবার মধ্যে শরিফুল, হৃদয় ও আকবর আলীকে নিয়ে আশা করছি।’
গোটা টুর্নামেন্টেই দারুণ বল করে নিজের সামর্থ্যের প্রমান দিলেন বাঁহাতি পেসার শরিফুল। ফাইনালে ৩১ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। দুর্দান্ত বল করেন সেমিফাইনালেও। বাউন্সের পাশাপাশি দুই দিকেই সুইং পান এই বামহাতি ফাস্ট বোলার। পুরো টুর্নামেন্টেই বেশ ভালো ব্যাট করেছেন তৌহিদ হৃদয়।
আর ফাইনালে আকবর আলীর ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন। যা অন্যতম সেরা হয়ে থাকবে যুব বিশ্বকাপের ইতিহাসে। ভীষণ চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে তার ৭৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসটি জিতিয়েছেন ম্যাচ। এর পাশাপাশি গোটা টুর্নামেন্টেই তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়।
বার্তাবাজার/কেএ