জাবি অধ্যাপকের আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড অর্জন

শ্রেষ্ট গবেষণা প্রবন্ধের জন্য ‘আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির। অরগানোমেটালিক ক্লাস্টারের উপর গবেষণা করে তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেন।

গতকাল (১৭ এপ্রিল) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অডিটোরিয়ামে ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশিদ তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনাইটেড গ্রুপ গবেষণা পুরস্কার মূল্যায়ন কমিটির চেয়ারম্যান, সাবেক ইউজিসি সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহিবুর রহমান এবং ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, দেশে অরগানোমেটালিক ও ক্লাস্টার রসায়নে যে কজন গবেষক অনন্য সাফল্য পেয়েছেন, সেই তালিকায় অধ্যাপক ড. শরীফ এনামুল কবির অন্যতম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের এবং রসায়ন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর হওয়ার গৌরব অর্জন করেন।

ড. শরীফ এনামুল কবির স্নাতকোত্তরে থিসিসসহ প্রথম স্থান অধিকার করেন। এটিই মূলত তাঁকে বিজ্ঞান চর্চায় আরো বেশি অনুপ্রাণিত করে। পরবর্তীতে তিনি নিজ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। নিজ বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করার পর তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে কমনওয়েলথ স্কলার হিসাবে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৮৬ সালে দেশে ফিরে এসে তিনি জাহাঙ্গীরনগরে অর্গানোমেটালিক ও ক্লাস্টার রসায়নের উপর গবেষণা শুরু করেন। তিনি আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন ও জার্মানীতে একাধিক পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ভিজিটিং স্কলার হিসাবে তিনি ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ রিজে এ জে ডিমিং এর তত্ত্বাবধানে প্রফেসর এডওয়ার্ড রোজেনবার্গ ও প্রফেসর কেনেথ হার্ড-কাসলের সাথে যৌথ গবেষণা করেন।

১৯৯৪ সালে পোস্টডক্টরাল গবেষক হিসাবে মন্টানা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এডওয়ার্ড রোসেনবার্গের গ্রুপে যোগদান করেন। অ্যালেকজান্ডার ফন হামবোল্ট স্কলার হিসাবে তিনি প্রফেসর হেনরি বারেনক্যাম্প-এর সাথে ফ্রাইবুর্গ ইউনিভার্সিটিতে কাজ করেন। এরপর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভিসিটিং প্রফেসর হিসেবে দুই বছর অধ্যাপনা করেন।

বাংলাদেশে দেশে যে কয়জন প্রথিতযশা রসায়নবিদ আছেন তাঁদের মধ্যে অনন্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। তিনি বাংলাদেশের মোস্ট-সাইটেট একজন রসায়ন গবেষক। গবেষণার জন্য তিনি দেশে ও বিদেশে সুপরিচিত। রসায়ন বিষয়ে তাঁর বিভিন্ন গবেষণা প্রবন্ধ দেশের বাইরের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যায়ে পড়ানো হয়। তাঁর জাতীয় ও আন্তর্জাতিক মানের ৩২০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নিজ বিশ্ববিদ্যালয়ে তিনি এ পর্যন্ত এমএসসি, এমফিল, পিএইচডি পর্যায়ে তিন শতাধিক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক, ড. এম এ গণি স্বর্ণপদক, একাধিকবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্বর্ণপদকসহ পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর