চট্টগ্রামে চোরাই পথে আমদানিকৃত ফার্নেস তেলসহ ২ জন আটক

বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে চোরাইপথে আমদানিকৃত ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রেজওয়ানুল ইসলাম(৩৫) ও মোহাম্মদ রহমান(৩২) নামে দুই ব্যক্তিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহর ফ্লাইওভার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ফার্নেস অয়েল আমদানির দায়ে দুই জনকে ৯ হাজার লিটার ফার্নেস তেলবাহী ট্যাংকার সহ গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

গ্রেফতার দুইজনের মধ্যে রেজওয়ানুল ইসলাম হলেন কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার আবদুল মোনাফের ছেলে এবং মোহাম্মদ রহমান রিজুয়ানুল ইসলাম পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার ফয়েজ আহমদের ছেলে। আটক রিজুয়ানুল ইসলাম এসব চোরাই ফার্নেস অয়েলের মালিক পক্ষের লোক ও মোহাম্মদ রহমান ফার্নেস অয়েলবাহী ট্যাংকারের চালক।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার তারেক আজিজ বলেন, বিদেশ থেকে চোরাইপথে আনা এসব তেল কর্ণফুলী এলাকা থেকে সীতাকুণ্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানি করা ৯ হাজার লিটার ফার্নেস অয়েল সহ রেজওয়ানুল ইসলাম ও মোহাম্মদ রহমান নামে দুইজনকে আটক করা হয়। সেই সাথে তেলবাহী ট্যাংকার (রেজিঃ নংঃ নোয়াখালী-ড, ৪১০০-৩০) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন র‍্যাবের কাছে স্বীকার করেন যে, “দীর্ঘদিন ধরে তারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ফার্নেস তেল এনে কর্ণফুলী নদীর পাড়ের বিভিন্ন জাহাজে বিক্রি করে আসছিলেন। শুল্ক ফাঁকি দেওয়ার দরুন তাদের বিক্রি করা ফার্নেস তেলের প্রতি ক্রেতাদের আগ্রহও ছিল অনেক বেশি। যার দরুন চোরাই পথে একাধিকবার তেল আমদানি করলেও কোন সমস্যা হয়নি।”

চোরাই পথে তেল আমদানিকারক চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে বলে জানায় র‍্যাব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর