ভালোবাসা দিবসে রুমে ধরা পড়লো ২৪ জোড়া প্রেমিক-প্রেমিকা

ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের মকাসার ও রাজধানী জাকার্তার নিকটে দেপোক নগর কর্তৃপক্ষ ভালোবাসা দিবস পালন না করতে জনগণকে সতর্ক করেছিল। এছাড়া শরিয়া আইনে পরিচালিত প্রদেশ বান্দা আচেহ জুড়েও ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ।

তবে কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অনেক প্রেমিক যুগলরা দিনটি উদযাপন করেছে। মাকাসারের পুলিশ শুক্রবার বিভিন্ন গেস্ট হাউসে অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে প্রায় দুই ডজন অবিবাহিত কাপল (জুটি) একজন জার্মান নাগরিকসহ হাতনাতে আটক করে।

স্থানীয় জননিরাপত্তা অফিসের প্রধান ইমান হুড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ঐ জার্মান নাগরিককে এক ইন্দোনেশিয়ান পার্টনারের সাথে ধরা হয়। তারা স্বামী-স্ত্রী না হওয়ায় আমরা তাদের গ্রেফতার করেছি।

তিনি বলেন, এসব হতভাগা প্রেমিক-প্রেমিকাদের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের কুফল নিয়ে বক্তব্যের পর দ্রুত ছেড়ে দেয়া হয়। তবে আটককৃত পাঁচ যৌনকর্মীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।

হুদ বলেন, এই সামাজিক অবক্ষয়কে প্রতিরোধ করতে হবে। আমাদের সংস্কৃতি ও নৈতিকতা ধরে রাখতে জনসাধারণকে এ বিষয়টি স্মরণ করিয়ে দেয়া দরকার।

মকাসারের ভারপ্রাপ্ত মেয়র মুহম্মদ ইকবাল সামাদ সুহে, তার শহরকে উন্মত্ত যৌন ও মাদকের ব্যবহারে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, ভালোবাসা দিবস যুবকদের আকর্ষণ করে। তারা এসব করতে গিয়ে আমাদের প্রথা, মূল্যবোধ ও ঐতিহ্যের কথা ভুলে গিয়ে মাদকাসক্ত হয় ও অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে পড়ে। আমাদের এসব প্রতিরোধ করতে হবে।

দিপাক নগর কতৃপক্ষ শিক্ষার্থীদের ভালোবাসা দিবস পালনের বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে ইন্দোনেশিয়ার একমাত্র শরিয়া আইন জারিকৃত অঞ্চল আচেহ দ্বীপপুঞ্জ জুড়ে ‘ইসলামী পবিত্রতা রক্ষায়’ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে শহর কর্তৃপক্ষ।

শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ইসলামী মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামী আইন পরিপন্থী এবং আচেহর সংস্কৃতির সঙ্গে যায় না।

মেয়র জানান, তিনি এ বিষয়ে গত সোমবার একটি সার্কুলার জারি করেছেন। এতে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর