গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস-নসিমন সংঘর্ষে নিহত একই গ্রামের ৫ জনকে এক সাথে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার তিতাগ্রামের বদিয়ার মোল্লা (৩০), মিজান ফকির (৪৩) সুমন মুন্সী (২০), সিরাজুল ইসলাম মোল্যা (৩০)ও লায়েক ফকির (৫০)। এরা সবাই নির্মাণ কাজের ঢালাইয়ের শ্রমিক।
নিহতদের লাশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামে পৌঁছলে কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। দুর্ঘটনার সংবাদ শোনার পর তিতাগ্রামটি নিস্তব্ধ হয়ে যায়, শুরু হয় শোকের মাতম। গোটা কাশিয়ানীতে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শত শত শোকার্ত মানুষ ছুটে যান শোকাহত তিতাগ্রামে।
গ্রামবাসী একই কবরস্থানে একসাথে পাঁচটি কবর খুঁড়ে প্রস্তুত রেখেছিলেন। লাশ গ্রামে পৌঁছার পর ধর্মীয় আনুষঙ্গিকতা শেষে বিকাল সাড়ে ৫টায় তাদের নামাজে জানাজার পর পাশাপাশি পাঁচটি কবরে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে সংযোগ রাস্তা থেকে হাইওয়েতে উঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কার নসিমনে থাকা ঢালাইয়ের মেশিন শ্রমিকদের উপর পড়ে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন আহত হয়েছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস