কিংবদন্তি কবি আল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ই ফেব্রুয়ারি। বাংলা সাহিত্যের কিংবদন্তি ‘সোনালি কাবিন’ খ্যাত কালজয়ী কবি আল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী। সাহিত্যে নিজের অমরতা নিশ্চিত করে বসন্ত-ভালোবাসার আবেশ গায়ে মেখে তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি আর কখনো আসবেন না লোকালয়ে কিংবা অমর একুশে বইমেলায়।

বাংলা সাহিত্যের এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও তার জন্মভিটা ব্রাহ্মহ্মণবাড়িয়ায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির নামে প্রতিষ্ঠিত আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আবিদ আজম জানান, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে শনিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ‘আল মাহমুদ স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কিংবদন্তি কবি আল মাহমুদের পাঠক, ভক্ত ও অনুরাগীরা উপস্থিত থাকবেন। একই দিনে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হবে এক স্মরণানুষ্ঠান। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নূরুল আমিনসহ অন্যরা। কবির জন্মভূমি ব্রাহ্মহ্মণবাড়িয়া মৌড়াইলে সকালের দিকে স্মরণানুষ্ঠান ছাড়াও কবির কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও
ফাতেহা পাঠ করা হবে।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে বাংলা ভাষা ও সাহিত্যের আশীর্বাদ হয়ে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি আল মাহমুদ। পঞ্চাশের দশকে আবির্ভূত সাহিত্যের সব্যসাচী কবি আল মাহমুদ কবিতা ছাড়াও লিখেছেন অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া ও আত্মজীবনী।

এ পর্যন্ত প্রকাশনা সংস্থা ঐতিহ্য কবির প্রকাশিত শতাধিক গ্রন্থ নিয়ে মোট ১৩ খণ্ডে প্রকাশ করেছে ‘আল মাহমুদ রচনাবলি’।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর