বাংলাদেশের নাগরিকেরা বিভিন্ন দেশে বসবাস করছে। দেশে ফিরে সময় সুযোগমত ভোটার হতে পারছে না বলে তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে অনলাইনে ভোটার তালিকা নিবন্ধনের কাজ চলছে। কাজ শেষে আগামী মার্চেই তাদের কাছে স্মার্টকার্ড পৌছে দিতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন।
অনলাইনে পোর্টাল তৈরী করে বর্তমানে বৃটেন, দুবাই, এবং মালয়েশিয়া প্রবাসীদের ভোটার আবেদন নিচ্ছে ইসি। এর মাঝে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা বেশি আগ্রহে আবেদন করছে। বৃটেনের প্রবাসীরা গড়পড়তা আবেদন করলেও অল্প সাড়া মিলেছে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে।
দুবাই থেকে অন্তত ৪শ আবেদন এসেছে। মালয়েশিয়া থেকে এসেছে অন্তত ৬০টি আবেদন। যুক্তরাজ্য থেকে উদ্বোধনের পরপরই ৫০টির মতো আবেদন পড়েছে বলে জানা যায়। আগামী মার্চেই প্রবাসীদের স্মার্টকার্ড বিতরণে যেতে চায় ইসি ,বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কাজী আশিকুজ্জামান।
অনলাইনে প্রবাসীরা ভোটার তালিকায় নিবন্ধনের আবেদন করতে চাইলে আবেদনের সঙ্গে যে সব প্রমাণাদি সংযুক্ত করতে হবে:
১।বৈধ পাসপোর্টের কপি
২।বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি
৩।বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র
৪।বাংলাদেশে কোথাও ভোটার হয়নি মর্মে লিখিত অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র
৫। বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম-মোবাইল নম্বর-এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা
পৃথিবীর ভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছে প্রায় দেড় কোটির মতো। দেশে ভোটার আছেন প্রায় ১০ কোটি ৪২ লাখ।
বার্তা বাজার/এসজে