ভালোবাসা দিবসে স্বামীর সঙ্গে বের হয়েছিলেন ঘুরতে। তবে জীবিত ঘরে ফিরতে পারেন নি পুতুল আক্তার (১৮) নামের এক তরুণী। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কেড্ডা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। এ ঘটনায় পুতুলের স্বামী দেলোয়ার গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহত পুতুল আক্তার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের দেলোয়ার মিয়ার স্ত্রী।
নিহত পুতুলের পরিবারের লোকজন জানায়, দুই মাস আগে দেলোয়ারের সাথে পুতুল আক্তারের বিয়ে হয়। ভালোবাসা দিবসে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয় দেলোয়ার। কেড্ডা সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন পুতুল ও দেলোয়ার। তাদেরকে উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুতুলকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ.বি.এম মুসা জানান, মাথায় আঘাতের কারণে পুতুলের মৃত্যু হয়েছে। দেলোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস