অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে টেলর, যা নেই অন্য কারও

ক্রিকেট ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সিনিয়র ক্রিকেটার রস টেলর। এটা এমন এক রেকর্ড, যা রের্কড নেই ক্রিকেটবিশ্বের আর কারও। ওয়লিংটনে আগামী ২১ ফেব্রুয়ারি এমনই এক বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন কিউই অভিজ্ঞ ডানহাতি এই ব্যাটসম্যান।

কয়েক দিন আগে বে ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনবদ্য এক মাইলফলক স্থাপণ করেছিলেন টেলর। নিউজিল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামার সেঞ্চুরি করেন তিনি।

অর্থাৎ মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচটি ছিল টেলরের ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে আর কোনও কিউই ক্রিকেটার ১০০টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেননি।

এবার টেলর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্থাপণ করতে চলেছেন। ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামলেই টেলর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই দেশের হয়ে ১০০ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

এটা এমন এক রেকর্ড, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। টেলর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ৯৯টি টেস্ট ম্যাচের সামনে। তিনি ইতিমধ্যেই ২৩১টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০০টি। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আরও যে দু’জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলেছেন তাদের কেউই ১০০ টেস্টের মাইলফলকে পৌঁছাননি।

১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের ডানহাতি অলরাউন্ডার অভিজ্ঞ শোয়েব মালিক। ওয়ানডে খেলেছেন ২৮৭টি। তুলনামূলক টেস্ট কম খেলেছেন মালিক। মাত্র ৩৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ১০৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন ভারতের রোহিত শর্মা, ওয়ানডে ২২৪ টি। তবে মাত্র ৩২টি টেস্টে তিনি টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর