যুবদল নেতার সংবর্ধনায় পুলিশের লাঠিচার্জ, আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সোহেল আহমেদের সংবর্ধনায় লাঠিচার্জ করে পুলিশ। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বেলা ১১ টায় সিরাজদিখান বাজারে উপজেলা বিএনপি’র কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি কালে পুলিশ এসে কার্যালয় বন্ধ করে দেয়। পরে যুবদল নেতা সোহেল আহমেদ তার গাড়িবহড় নিয়ে উপজেলার কাঠপট্টি রোডে পথসভা করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লাঠি চার্জে ৩ জন আহত হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ জানান, নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের বাধা দেয়। এক পর্যায়ে আমাদের গায়ে হাত তোলে এবং নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয় বন্ধ করে দেয় পুলিশ।

এছাড়াও তাকে এলাকায় না যাওয়ার জন্য পুলিশ হুমকি দেয় বলেও জানান তিনি।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক লাঠি চার্জের বিষয়টি অস্বীকার করে জানান, অনুমতি না নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সংঘবদ্ধ হচ্ছিল। আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় পুলিশ উপস্থিত হলে বিএনপি নেতা-কর্মীরা সরে যায়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর