চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান জল্পনা কল্পনা। মেয়র প্রার্থী নিয়ে রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর এবার রয়েছে দেশের বৃহত্তম জেলা ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সিটি কর্পোরশন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে রয়েছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী। তবে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। অন্যদিকে বিএনপির পক্ষে প্রার্থী হিসেবে লড়াই করতে চান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন।
চসিক মেয়র নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক সিডিএ চেয়্যারম্যান আব্দুচ ছালাম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অন্যদিকে বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম নিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মনজুর আলম। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে তার পক্ষে তিন ব্যক্তি দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করে।
উল্লেখ্য, আওয়ামী লীগ ছেড়ে ২০১০ সালে বিএনপির মনোনয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। ২০১৫ সালের নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগের আ জ ম নাছিরের কাছেই হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মনজুর। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
এর আগে ২০১০ সালের নির্বাচনে ৪ লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট পেয়ে নিজের রাজনৈতিক গুরু এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর।
বার্তাবাজার/কেএ