প্রেমের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েক শতাধিক শিক্ষার্থী। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস’ ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা বেজে ২০ মিনিট। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে ৫০-৬০ জন তরুণ একটি মিছিল নিয়ে বটবৃক্ষ চত্বরের দিকে এগিয়ে আসেন।
তাদের পরিচয় তারা ‘প্রেম বঞ্চিত সংঘ’ ইবি শাখার সদস্য। সবার কণ্ঠে স্লোগান। মিছিলের দিকে তাকিয়ে আশপাশের সবাই হাসছেন! কেউ আবার দৌড়ে এসে মিছিলে যোগ দিচ্ছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়া পৌঁছাতেই এতে লোকসংখ্যা কয়েক শতাধিক ছাড়িয়ে যায়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ কর’ এ রকম নানা স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। তারা প্রেম বঞ্চিত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ‘প্রেম বঞ্চিত সংঘ’র সদস্যরা অভিযোগ করে বলেন, ‘কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতী একইসঙ্গে তিন-চারটি প্রেম করছেন। আমরা এর প্রতিবাদ করছি। আমরা প্রেমের বিরুদ্ধে না আমরা অশ্লীলতার বিরুদ্ধে। এসময় উপস্থিত ছিলেন প্রেম বঞ্চিত সংঘের নবনির্বাচিত সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক সমার দেওয়ান, সদ্য সাবেক সভাপতি তন্ময় সেন, উপদেষ্টা ইমরান খান প্রমুখ।
এর আগে প্রেম বঞ্চিত সংঘের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সেই সাথে অতিদ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার অনুরোধ জানানো হয়।
বার্তাবাজার/কেএ