কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে তুরস্ক সবসময় থাকবে বলে জানান, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এরদোগান আজ শুক্রবার এ অঙ্গীকার ব্যক্ত করেন। এই নিয়ে তিনি চারবার পাকিস্তানের সংসদে ভাষণ দিলেন।
পাক সংসদে ভাষণ দেয়ার সুযোগ পাওয়ায় তিনি পাকিস্তানের কর্মকর্তা ও সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান। এরদোগান বলেন, পাকিস্তানকে তিনি নিজের দেশের মতোই মনে করেন। দুই দেশের সম্পর্ক অন্যদের জন্য প্রশংসনীয় হয়ে উঠেছে।
এরদোগান বলেন, কয়েকশ বছর আগে তুরস্কের কানাকালেতে যে ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে তুরস্ক সবসময় প্রতিবাদ করে যাবে। তিনি বলেন, আমরা কখনো কানাকালের সেই দুঃসময়ে উপমহাদেশের মুসলমানদের সমর্থনের কথা ভুলবো না। এ সময় এরদোগান মহাকবি আল্লামা ইকবালের একটি কবিতার পংক্তি উল্লেখ করেন।
তিনি বলেন, যে পাকিস্তানিরা আমাদের জন্য এত সমর্থন দিয়েছেন, দোয়া করেছেন আমরা তাদেরকে কিভাবে ভুলে যাব? আমাদের বন্ধুত্ব ব্যবসা-বাণিজ্য কিংবা স্বার্থের ওপর ভিত্তি করে নয় বরং এর ভিত্তি হলো ভালোবাসা।
এরদোগান আরো বলেন, আজকে কাশ্মীর ইস্যুকে পাকিস্তানিরা যেভাবে দেখছেন আমরাও ঠিক একইভাবে দেখছি। আমরা অতীতের মতো ভবিষ্যতেও পাকিস্তানকে সমর্থন দিয়ে যাব। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান এখন শান্তি এবং স্থিতিশীলতার পথে রয়েছে। তবে, এই শান্তি ও স্থিতিশীলতা খুব সহজে আসে না; এজন্য অনেক কাজ করতে হয়। পাকিস্তান নিশ্চয়ই সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হয়ে স্থিতিশীল হবে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানকে সমর্থন দেবেন বলেও তিনি ঘোষণা দেন।
কাশ্মীর প্রসঙ্গে এরদোগান আরো বলেন, কাশ্মীরে আমাদের ভাই-বোনেরা কয়েক দশক ধরে চরম নির্যাতনের শিকার হয়ে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে একতরফা পদক্ষেপের কারণে সে দুর্ভোগ অনেক বেড়েছে। কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে সহিংসতা অথবা নির্যাতনের মাধ্যমে নয় বরং ন্যায়বিচার ও স্বচ্ছতার মাধ্যমে। এ ধরনের সমাধান সব পক্ষের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে সবসময় ন্যায়বিচার, শান্তি ও সংলাপের পক্ষে থাকবে তুরস্কের অবস্থান।
বার্তাবাজার/কে.জে.পি