তৃতীয় বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) টিম।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ট্রেইনার বাবুল মন্ডলের তত্ত্বাবধানে চার সদস্যের দলটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেছে। চার সদস্যের এ দলটিতে রয়েছেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সাজিদ সোহান,বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরমান, এসিসিই মাস্টার্সের শিক্ষার্থী তাওহীদ ও লোকপ্রশাসন বিভাগ ২য় বর্ষের রিফাত। আগামীকাল শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ টুর্নামেন্টে শুরু হতে যাচ্ছে।
নিজেদের লক্ষ্য সম্পর্কে সাজিদ সোহান বলেন, ‘২০১৯ সালে আমরা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোটামুটি মানের একটা ফলাফল করেছিলাম কিন্তু এবার আশা করি আমরা খুব ভালো একটি ফলাফল করবো। কারণ গত বছরের তুলনায় এ বছরের দল বেশ শক্তিশালী। এবারের দলের প্রত্যেক সদস্য জয়ের জন্য আত্মবিশ্বাসী। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু অর্জন করতে’।
জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে ২০১৭ ও ২০১৯ এ বশেমুরবিপ্রবি টিম আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয়।
বার্তাবাজার/এমকে