নারায়ণগঞ্জে পুলিশের সাথে অশোভন আচরণ করার অভিযোগে ফতুল্লা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটক করেছে পুলিশ। থানায় গ্রেফতারকৃত দুই আসামির জন্য সুপারিশ করতে গিয়ে পুলিশের সাথে অশোভন আচরণ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাকে আটক করে পুলিশ। আটকের ৫ ঘন্টা পর আটককৃত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের থেকে মুচলেকা নিয়ে স্থানীয় আ’লীগ নেতাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার সময় মারামারি মামলায় ১ নারীসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের জন্য সুপারিশ করতে থানায় যান এই জনপ্রতিনিধি। এসময় তিনি পুলিশ সদস্যদের সাথে অশোভন আচরণ করলে তাকে আটক করা হয়।
ফাতেমা মনিরকে আটকের খবর পেয়ে থানায় ছুটে যান ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।
পরে আ’লীগ নেতারা ওসির সাথে কথা বলে ঘটনা জানার পর দুঃখ প্রকাশ করেন। ওসি সবার সাথে পরামর্শ নিয়ে ফাতেমা মনিরের থেকে মুচলেকা নিয়ে আ’লীগ নেতাদের জিম্মায় ছেড়ে দেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে যে কোন বিষয়ে ফাতেমা মনির থানায় আসতে পারেন, তবে অশোভন আচরণ করতে পারেন না। অশোভন আচরণ করায় তাকে আটক করা হয়।
এ ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে ওসি বলেন, স্থানীয় আ’লীগ নেতাদের জিম্মায় ফাতেমা মনিরকে ছেড়ে দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস