‘বেগম জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলবে, এ রাজনীতি বঙ্গবন্ধু করেন নাই’

বেগম জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলবে, এ রাজনীতি বঙ্গবন্ধু করেন নাই। তার কন্যা শেখ হাসিনাও করেন না। তাকে কষ্ট দিয়ে মারার ইচ্ছা শেখ হাসিনার নেই, এমনটাই জানালেন সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে বলেন, ‘‘বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দলের লোকেরা বলে একটা আর চিকিৎসকেরা বলেন আরেকটা। চিকিৎসকরা বলেন, তার স্বাস্থ্য নিয়ন্ত্রণে আছে। আর দলের লোকেরা তাকে অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ বানিয়ে যতটা না চিকিৎসার জন্য ভাবছে তার চেয়ে বেশি রাজনীতি করছে।’’

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, “তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবার থেকে বিভিন্নভাবে আবেদন এসেছে। তারা টিভির পর্দায় আবেদন করেন। আমি আজ সকালেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খবর নিয়েছি, লিখিত কোনো আবেদন আসেনি। লিখিত আবেদন আসলেও এ আবেদন কারণসহ যুক্তিসঙ্গত হতে হবে। যুক্তিযুক্ত কারণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীও প্যারোল বিবেচনা করতে পারে না, সরকারও বিবেচনা করতে পারে না।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর