বাংলাদেশের ঐতিহাসিক দিবসগুলোকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে মিল রেখে পালন করার জন্য বাংলা সনের ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে।
শুধুমাত্র বাংলাদেশেই করা হয়েছে এই পরিবর্তন। ভারতের পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা, সেখানে এমন পরিবর্তন করা হয়নি।
প্রতিবছর বাংলাদেশে পহেলা ফাল্গুনের বসন্তবরণ উৎসব পালন করা হতো ১৩ই ফেব্রুয়ারি। কিন্তু ২০২০ সাল থেকে ১৪ই ফেব্রুয়ারিতে শুরু হবে ফাল্গুন মাস। এবং এখন থেকে পয়লা বৈশাখসহ জাতীয় গুরুত্বপূর্ণ সকল দিনগুলো নির্দিষ্ট দিনে পালন হবে।
বাংলাদেশের বর্ষপঞ্জিতে আগে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ,ভাদ্র এই প্রথম ৫টি মাস পালন করা হতো ৩১ দিন করে। কিন্তু এখন থেকে প্রথম ৬টি মাসে গণনা করা হবে ৩১ দিন করে। শুধু ফাল্গুন মাস হবে ২৯ দিনের এবং বাকি ৫টি মাস স্বাভাবিক ৩০ দিনে শেষ হবে।
কেবল মাত্র যে বছর লিপইয়ার হবে সেই বছর ফাল্গুন ৩০ দিনের মাস হবে।
বাংলা বর্ষপঞ্জি পরিবর্তনের দায়িত্বে আছে বাংলা একাডেমির গবেষণা, অভিধান সংকলন ও বিশ্বকোষ বিভাগ।
২১শে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চের মত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস সমূহ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যে দিনে অনুষ্ঠিত হয়েছিল, সেই দিনে পালন করা হবে, বলে জানিয়েছেন বাংলা একাডেমির গবেষণা, অভিধান সংকলন ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন।
বার্তা বাজার/এসজে