কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, দেশীয় একটি বন্দুক ও ৩টি গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংকিউ তংচঙ্গা বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশ ফাঁড়ী এলাকার চাচিংহ্লা তংচঙ্গার ছেলে।
বিজিবির দাবি, নিহত মংকিউ তংচঙ্গা একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা পাচারে সক্রিয় ছিল।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বৃহস্পতিবার ভোর মিয়ানমার সীমান্তের উখিয়ার বালুখালীর পানবাজার সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ এলাকার বেড়িবাঁধ দিয়ে ইয়াবার চালান প্রবেশের সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে ভোর সাড়ে ৩টার দিকে বেড়িবাঁধ দিয়ে মিয়ানমার দিক থেকে ৫-৬ জন সন্দেহজনক লোককে আসতে দেখে জওয়ানরা তাদের থামার সংকেত দেয়।
এ সময় মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ৩টি গুলিসহ গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডব্লিও.এস