ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আশুলিয়ার নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ১ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।
অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া আমাদের নিয়মিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর ও ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করছি।
এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের হাই-প্রেসার বৈধ বিতরণ লাইন থেকে সম্পূর্ণ অবৈধভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি লাইনের মাধ্যমে অনেক দীর্ঘ সংযোগ নিয়েছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং জানমালের ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছ্র। আমরা আজ এই সম্পূর্ণ অবৈধ লাইন উচ্ছেদের চেষ্টা করেছি। তাতে আনুমানিক ২ কিলোমিটার লাইন বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ১ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিনি জানান, এই এলাকায় ইতোপূর্বে আমরা কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়েছি। যারা এসব অবৈধ সংযোগ প্রদান করেছে, তাদের ব্যাপারে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। বাংলাদেশ গ্যাস আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে