ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি রাবি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (শিল্পী) তার বক্তব্যে বলেন, যে নির্যাতিত হয়েছে সে আমাদেরই মেয়ে, আমাদেরই বোন। আমরা যদি তাঁর পাশে না দাড়ায় তাহলে কে দাড়াবে।

ধর্ষক কিন্তু আমরাই,আমাদের কাছে আমাদের মেয়ে বন্ধুরা কতোটা নিরাপদ তা নিশ্চিত হতে হতে হবে। আমাদেরকে সামাজিকভাবে সচেতন হতে হবে। আমরা যারা মেয়ে আছি তাদেরকে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে এবং একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিশ্বাস রাখতে হবে

ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ নিক্সন বলেন, ধর্ষকের কোন ধর্ম, বর্ণ নেই। শুধুমাত্র একজন ধর্ষিতাই বুঝতে পারে ধর্ষণের নির্মমতা কতটা ভয়ংকর। যখন একটি মেয়ে ধর্ষিত হয় তখন শুধু সে না, তার পরিবার, সমাজ এবং গোটা দেশ ধর্ষিত হয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করছি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যকারিতা বাড়াতে জোর দাবি জানান।

ছাত্রলীগের আরেক সহ-সভাপতি মেজবাহুল ইসলাম বলেন, আমারা ধর্ষক এবং তার সাথে যুক্ত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এছাড়াও ধর্ষিতাকে মানসিক ভাবে সাপোর্ট সহ স্বাভাবিকভাবে জীবন যাপনে আমাদের সাহায্য করতে হবে।প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে বিশ্ববিদ্যালয় থেকেও যেন নির্যাতিত ছাত্রীর পাশে তারা দাড়ায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, ভাবতে খুব খারাপ লাগে যে আমরা ধর্ষকের নিন্দা না করে ধর্ষিতার দিকে আঙ্গুল তুলি। আমরা এই ধর্ষনের সুষ্ঠু বিচার দাবি করছি এবং ধর্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি করছি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল সরকার রুবেল ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী জান্নাতুন নাঈম আকন্দ জানা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হল, অনুষদ, ও বিভাগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর