মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের সীমান্তবর্তী মধুমতী নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতুতে দুই সন্তান রেখে নদীতে ঝাঁপ দেন মা আফরোজা খানম। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সন্ধান মেলেনি তার। তবে মায়ের খোঁজ করছে চার বছরের ছোট্ট ছেলে আব্দুস সালাম।
ওই দিন মা ঝাঁপ দেয়ার পর থেকেই ভাই-বোনকে বিষণ্ন মনে দেখা গেছে। প্রবাসে থাকা বাবা আলিমুজ্জামানের কাছে মায়ের অবস্থান জানতে চাচ্ছে সালাম। বাবাকে তার জিজ্ঞাসা, আব্বু তোমার কাছে কি মা গেছে? ছোট্ট সালামকে সেই ভাষায় সান্ত্বনা দিচ্ছেন আলিমুজ্জামান।
শিশুদের মামি ফাতেমা বেগম জানান, ফাহমিদা ও আব্দুর সালামকে নিয়ে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন আফরোজা। ফাহমিদা গওহরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। ছেলেটি এখনো বিদ্যালয়ে যায়নি। এখন তারা নানার বাড়িতে আছে। মায়ের চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে তারা।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম জানান, আফরোজা নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের অফিসার সরকার শরিফুল ইসলাম জানান, স্বজনদের নিয়ে দুটি ট্রলার যোগে ডুবুরিরা নিখোঁজের সন্ধান করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি