যানজটে বছরে ক্ষতি ৯৮ হাজার কোটি টাকা, নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা

নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। যানজট যেন দেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কর্মস্থলে, বিদ্যালয়ে কোথাও সময়মতো পৌঁছানো যাচ্ছে না। যানজটে কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৯৭ হাজার ৯৮৩ কোটি টাকা।

এক গবেষণায় বলা হয়েছে, যানজটে বছরে নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা। আর সব মিলিয়ে ক্ষতির আর্থিক হিসাব করলে তা দাঁড়ায় ৯৭ হাজার ৯৮৩ কোটি টাকা। গবেষণা আরও বলছে, ঢাকায় যানজটের কারণে পিক আওয়ারে গণপরিবহণগুলোর গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারে নেমে এসেছে, যেখানে হেঁটে চলার গড় গতিও প্রায় সমান।

আবদুল্লাহপুর থেকে মহাখালীর দূরত্ব ১৫ কিলোমিটার। যাত্রা শুরুর সময় গুগল ম্যাপ দেখায় এই ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগার কথা ৫৭ মিনিট। ডিবিসি টিম আব্দুল্লাহপুর থেকে মহাখালী বাস টার্মিনালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ৮টা ৫০ মিনিটে। কিন্তু ডিবিসি টিম যখন মহাখালী পৌঁছায় তখন ঘড়ির কাটায় ১১টা ১০। অর্থাৎ প্রায় ২ ঘন্টা ২০ মিনিট সময় লেগেছে ১৫ কিলোমিটার পথ আসতে।

গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যানজটের কারণে প্রতি বছর নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা। যার মূল্য ৪৩ হাজার ৮৩৬ কোটি টাকা৷ প্রভাব আছে উৎপাদন খাতেও। যার আর্থিক ক্ষতি ৩০ হাজার ৬৮২ কোটি, স্বাস্থ্যগত ২১ হাজার ৯১৮ কোটি, জ্বালানি ও যানবাহন মেরামত বাবদ ১ হাজার ৩৯৩ কোটি এবং দুর্ঘটনায় ক্ষতি ১৫৪ কোটি টাকা৷ সব মিলিয়ে বছরে যানজটের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯৭ হাজার ৯৮৩ কোটি টাকা।

তবে, ঢাকার যানজটের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে মনে করছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি বা ডিটিসিএ৷ তাদের মতে, এক বছরে যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টার আর্থিক ক্ষতি ৮১ হাজার ৩৪০ কোটি টাকা৷ আর তার সঙ্গে উৎপাদন খাত, স্বাস্থ্যগত ও দুর্ঘটনার ক্ষতি যোগ করলে আর্থিক ক্ষতির পরিমাণ বছরে দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷

পরিবহণ বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিদেশি উদ্যোক্তরা ঢাকা শহরে দেখে এখানে থাকার পরিবেশ নেই, পরে তারা শহর ছেড়ে চলে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ক্ষতি। এছাড়া নগরীর যে সামাজিক ব্যবস্থা তাও ভেঙে পড়ার উপক্রম হয়েছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর