প্রেমিকার কবরে দাঁড়িয়ে প্রেমিকের আত্মহত্যা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের পাশে দাঁড়িয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

পুলিশ বুধবার বেলা ১১টায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে সোহাগ মল্লিক পার্শ্ববর্তী খ্রীস্টান শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।

কিন্তু প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর পর গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের পাশে গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর