কক্সবাজারে ডাকাতের গুলিতে এক যুবক নিহতের ঘটনায় জড়িতে সন্দেহে ৩ জনকে গণধোলাই দিয়েছে জনতা। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন (৩০) নামের একজন নিহত হয়।
পরে হাসপাতালে নেয়ার পথে কাইসারের (২৮) মৃত্যু হয়। এ ঘটনায় আহত নাছির (২৫) কে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
বুধবার (১২ই ফেব্রুয়ারী) সকাল ৯টায় পেকুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন উপজেলার শিলখালী ইউনিয়নের আলমগীর ওরফে নাগু মিয়ার ছেলে এবং কাইছার একই এলাকার নাজিম উদ্দিন ওরফে লেড়ু মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (মঙ্গলবার) রাত ৮টার দিকে শিলখালী ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদের ছোড়া গুলিতে সদ্য বিবাহিত নুরুন্নবী নামের এক যুবকের মৃত্যু হয়।
পরে বুধবার সকালে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই দু্ই জনের মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম গণধোলাইয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত নাছির উদ্দিনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস