খোলা মাঠে বসেই এসএসসি পরীক্ষা দিল ৭৮ শিক্ষার্থী

দূর থেকে দেখলে মনে হবে কোন বিয়ে বাড়ির প্যান্ডেল অথবা কোন অনুষ্ঠানের মঞ্চ। বাঁশের খুঁটির ওপর বিভিন্ন রঙের চাদর দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটি। তবে এটি ঠিক প্যান্ডেল নয়, মূলত রঙিন কাপড়ের নিচে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা।

রোদের মধ্যেই এ প্যান্ডেলের নিচে বসে গণিতের পরীক্ষা দিয়েছে ৭৮ জন শিক্ষার্থী।

এটি সিলেটের বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ঘটনা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্যান্ডেল বেঁধের আয়োজন করা হয়েছে পরীক্ষার।

তবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিন ক্যাটাগরির কোনো কর্মকর্তাকেই বিষয়টি জানানো হয়নি, এমনটিই বললেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

জানা যায়, মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় বালাগঞ্জের সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাঠের মধ্যে কাপড় দিয়ে প্যান্ডেল বেঁধে পরীক্ষার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্যান্ডেলের মধ্যে বসে রোদের মধ্যে ৭৮ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।

এ ব্যাপারে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, এবার তাদের কেন্দ্রে ৯৬৭ জনের পরীক্ষার আয়োজন করা হয়। গণিতে অনিয়মিত পরীক্ষার্থী বেশি হওয়ায় তাদের প্যান্ডেলের মধ্যেই পরীক্ষা নিতে হয়েছে।

সাইফুল ইসলাম আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পর তাঁর সম্মতিতেই খোলা মাঠে পরীক্ষার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ প্যান্ডেলে পরীক্ষা নেওয়ার বিষয়ে অবগত নন জানিয়ে বলেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ট্যাগ অফিসার ও কেন্দ্র সচিব; এই তিন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তারা কেউ আমাকে বিষয়টি জানাননি।

এই কর্মকর্তা আরও বলেন, কোনো কেন্দ্রে পরীক্ষার্থী বেশি হলে আমরা উপকেন্দ্র ব্যবহার করি। কিন্তু এই প্রতিষ্ঠান কেন এমন করল তা আমার জানা নেই। উপজেলা প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে তাদের আলাপ হয়েছে কি-না তা খোঁজ নিয়ে দেখব।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর